
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার নেতারা। এই দাবির সমর্থনে গতকাল বৃহস্পতিবার সকালে নগরের দোস্ত বিল্ডিং চত্বরে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।
সংগঠনের দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সদস্যসচিব বেদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি নুরুল আলম, উত্তর জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড আপিল বিভাগে বহাল থাকায় জামায়াত হরতাল কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র, সংবিধান ও আইনের শাসনের প্রতি ধৃষ্টতা দেখিয়েছে জামায়াত। ৩০ লাখ শহীদের রক্তভেজা বাংলাদেশের মাটিতে পাকিস্তানের প্রেতাত্মা জামায়াত-শিবিরের জায়গা হতে পারে না।
বক্তারা বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি চিরতরে বন্ধের দাবি জানিয়ে বলেন, এ বিষয়ে সংসদে বিল আনতে হবে। কারণ, এই দলটি একাত্তরে ঘৃণ্য অপরাধ করেছিল, এখনো ষড়যন্ত্রের রাজনীতি করছে।
সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বক্তারা বলেন, ৩০ লাখ শহীদ নিয়ে খালেদা জিয়া বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। এ জন্য জাতির কাছে খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা চট্টগ্রাম ও হাজী মুহাম্মদ মুহসীন কলেজ থেকে শিবিরের সশস্ত্র ক্যাডারদের অবিলম্বে বিতাড়িত করার দাবি জানান। তাঁরা বলেন, এই দুটি কলেজ ক্যাম্পাসকে শিবির নিজেদের সশস্ত্র ঘাঁটি বানিয়ে রেখেছে।