মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ দ্রুত শেষ করা, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা।গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের সমাবেশে মুক্তিযোদ্ধারা এই দাবি জানান। এ ছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তাঁরা।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই সমাবেশের আয়োজন করে। চট্টগ্রামের বিভিন্ন থানা ও উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা দলে দলে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। তাঁরা গণজাগরণ মঞ্চের সব কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। চট্টগ্রাম জেলা সংসদের কমান্ডার মো. সাহাবউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোশাররফ হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক মোজাফফর আহমেদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধের গবেষক মাহফুজুর রহমান, শাহ আলম, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক শরীফ চৌহানসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা।