সহিংস কর্মকাণ্ডের কারণে অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি বেআইনি ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।গতকাল বুধবার সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ‘পুণ্ডরীক ধাম’-এ সনাতন ধর্মীয় দুই দিনব্যাপী এক মহাসম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এই মন্তব্য করেন।অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, জামায়াত-শিবির সম্প্রতি পুলিশের গাড়িতে আগুন দেওয়া, পুলিশের ওপর হামলাসহ যেসব কর্মকাণ্ড করেছে, সেটা কোনো রাজনৈতিক দলের আদর্শ হতে পারে না। এটা কোনো গণতান্ত্রিক অধিকার হতে পারে না। তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘনিয়ে আসায় জামায়াত-শিবির ৭১ সালের মতো হিংস্র আচরণ করতে শুরু করেছে। দেশের রাজনীতির জন্য জামায়াত-শিবির অশুভ শক্তি। তাই এখনই তাদের রাজনীতি বেআইনি ঘোষণা করা কর্তব্য।কেরানীগঞ্জে মায়ের কোল থেকে শিশু অপহরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, রামু-উখিয়ায় হামলার ঘটনা আর মায়ের কোল থেকে শিশু অপহরণ একই সূত্রে গাঁথা।