জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবিদ্ধ ১
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গতকাল রোববার জামায়াতে ইসলামীর ডাকা অর্ধদিবস হরতালে উপজেলার ছদাহা মুহুরিপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জামায়াত-শিবিরের পিকেটারদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ফাঁকা গুলিতে রেজিয়া বেগম নামের এক নারী আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছদাহা এলাকায় গতকাল বেলা ১১টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তায় পিকেটিং করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় জামায়াতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে ১৬টি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় পানদোকানি রেজিয়া মাথায় গুলিবিদ্ধ হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় সাতকানিয়া থানার পুলিশ ও র্যাব জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন আমিনুল হক (২৫), মো. আরফাতুর রহমান (২৩), মো. নাছির (৩০) ও বদিউল আলম (৫৫)।দুপুর ১২টার দিকে পুলিশ সরে গেলে জামায়াতের কর্মীরা ওই এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাওয়া করেন। এ সময় সেটি উল্টে গেলে তিনজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন খুরশিদা বেগম (২২), অনিল দাশ (৫০) ও মো. আবছার (৩৫)। তাঁদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এদিকে পৃথক অভিযানে সাতকানিয়া থানার পুলিশ ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে জামায়াতের মালিকানাধীন কেরানীহাটের আশ-শেফা হাসপাতালের ব্যবস্থাপক আবু মোরশেদ (৪০) ও শ্রমিকনেতা জসীম উদ্দীনকে (৩৭) গ্রেপ্তার করে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল জানান, পিকেটিং করার সময় জামায়াত-শিবিরের কর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর চড়াও হলে পুলিশ গুলি ছোড়ে।