জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকে গতকাল বৃহস্পতিবার হরতাল চলাকালে কুমিল্লার দেবীদ্বারে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সিলেটে হরতাল সমর্থকেরা পুলিশকে ধাওয়া করে ও তাদের ওপর ইটপাইকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জ, সিলেট, নরসিংদী ও কুমিল্লায় জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ছয়টি যানবাহন ভাঙচুর ও দুটি যানবাহনে অগ্নিসংযোগ করে হরতালকারীরা। এ ছাড়া সিলেটের বিয়ানীবাজারের কোথাও মিছিল, সভা করতে পারেনি জামায়াত। সংঘর্ষ: দেবীদ্বারে লক্ষ্মীপুর এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশ দুটি ফাঁকাগুলি ছুড়লে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যায়। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কয়েকটি ভাগে সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের শিবগঞ্জ, মিরাবাজার এলাকায় জড়ো হলে পুলিশ ধাওয়া করে। শিবগঞ্জে হরতালকারীরা পুলিশকে ধাওয়া করলে পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিকেল সাড়ে চারটার দিকে দরগাহ গেট এলাকা থেকে জামায়াত-শিবিরের একটি মিছিল বের হয়। মিছিল শেষে তারা দরগাহ গেটে একটি সমাবেশ করে। এ সময় পুলিশ সমাবেশ স্থলের দিকে যেতে চাইলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। ১৮ জন গ্রেপ্তার: কিশোরগঞ্জে হরতাল চলাকালে জেলা ছাত্রশিবিরের সভাপতি খালিদ হাসানসহ ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। হরতাল পালনকালে শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় শিবিরের কর্মীদের ব্যবহূত দুটি মোটরসাইকেল, লাঠিসোঁটা ও প্রচারপত্র আটক করা হয়। জেলার পাকুন্দিয়ায় শিবিরের কর্মী সন্দেহে সুখিয়া গ্রামের ওয়াহিদ উদ্দিনের ছেলে লালন মিয়া, ইমাম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন, মফিজ উদ্দিনের ছেলে আজহারুল ইসলাম ও সিরাজ উদ্দিনের ছেলে কাইয়ুমকে গ্রেপ্তার করে পুলিশ। নরসিংদীর শিবপুরে নাঈম মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাঈম নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ছাত্র। সিলেটের বিয়ানীবাজারের তিলপারা ইউনিয়ন জামায়াতের আমির এখলাছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া হরতাল পালনকালে দেবীদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে শিবিরের কর্মী জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।যানবাহন ভাঙচুর: দেবীদ্বারের লক্ষ্মীপুর এলাকায় ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউছুফ মিয়ার নেতৃত্বে ৩০-৩৫ জন দুটি বাস, তিনটি ট্রাক ও সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায়। অগ্নিসংযোগ: শিবপুরের সৈয়দনগর এলাকায় সড়ক পুলিশ ফাঁড়ির সামনে সকাল ১০টার দিকে বিলাস পরিবহনের একটি পরিত্যক্ত যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে হরতালকারীরা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনীর সদস্যরা। সকাল ১০টার দিকে শিবির একটি মিছিল নিয়ে ময়মনসিংহের পাটগুদাম এলাকায় এসে একটি ইজিবাইকে আগুন ধরিয়ে দেয় ও কয়েকটি ইজিবাইক ভাঙচুরের চেষ্টা করে। [প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ ও সিলেট, ময়মনসিংহ অফিস, নরসিংদী, বিয়ানীবাজার (সিলেট), দেবীদ্বার (কুমিল্লা) এবং পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি]