জামায়াত-শিবিরের সঙ্গে বাস করার চেয়ে মৃত্যু শ্রেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের সঙ্গে এক দেশে বাস করার চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করেন রুমী স্কোয়াডের আমরণ অনশনকারীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগের প্রজন্ম চত্বরে আয়োজিত সংহতি সমাবেশে এ কথা বললেন অন্যতম অনশনকারী সৈয়দ ফায়েজ আহমেদ। অনশনে গতকাল যোগ দেওয়া সৈয়দ ফায়েজ আহমেদ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবেন তাঁরা। গণজাগরণ মঞ্চ জামায়াত-শিবিরকে নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরু করার জন্য যে দিনক্ষণ (২৬ মার্চ) বেঁধে দিয়েছিল, সরকার এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শহীদ রুমী স্কোয়াডের সাত তরুণ সাদাত হাসান, কাজী আকাশ, নাজমুল ভুঁইয়া, মানিক সূত্রধর, মেহেদী হাসান, শরিফুল আনন্দ ও রুবাইয়াত দীপ আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। গত বুধবার থেকে আরও কয়েকজন এতে যোগ দেন।শহীদ রুমী স্কোয়াডের পক্ষে আহূত সংহতি সমাবেশের শুরুতে তাদের মুখপাত্র সেঁজুতি শোণিমা জানান, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, শহীদ জননী জাহানারা ইমাম স্কোয়াড, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা অধিকার মঞ্চ, বঙ্গবন্ধু চেতনা পরিষদ, আখতারুজ্জামান ইলিয়াস পাঠচক্রসহ ২৬টি সংগঠন অনশনকারীদের প্রতি সংহতি জানিয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী কয়েকজন বাংলাদেশি জানিয়েছেন, এ দাবির সঙ্গে সংহতি জানিয়ে আজ শুক্রবার রাত থেকে ১২ ঘণ্টা প্রতীকী অনশনে অংশ নেবেন।অনশনকারীদের সঙ্গে সংহতি জানাতে শিক্ষাবিদ মুনতাসীর মামুন, মেসবাহ কামাল, আনু মুহাম্মদ, ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, নাট্যকার মামুনুর রশীদ, শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী, নারীনেত্রী খুশী কবির, আইনজীবী তুরিন আফরোজসহ আরও অনেকেই এসেছিলেন।সমাবেশে শাহরিয়ার কবির বলেন, ‘২১ বছর আগে জাহানারা ইমাম যে আন্দোলন শুরু করেছিলেন, আজ ২১ বছর পরে তাঁর ছেলের নামে গঠিত সংগঠন একই দাবিতে আন্দোলন করছে।...এ সরকার মুক্তিযুদ্ধের পক্ষের। কাজেই বিশ্বাসভঙ্গের মতো কিছু করে সরকার আমাদেরকে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করবে না বলে আশা করছি।’