দেশের বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল বুধবার ওলামা-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। এসব জামায়াত-শিবিরের সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।ঢাকার বাইরে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: রায়গঞ্জ (সিরাজগঞ্জ): উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. রবিউল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহবুবুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা মসজিদের পবিত্রতা রক্ষা ও জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে আলেম-ওলামা, ইমাম-মাশায়েখদের সজাগ থাকার আহ্বান জানান। সৈয়দপুর (নীলফামারী): উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম ইমামদের উদ্দেশে বলেন, কোনো ব্যক্তি বা দল দেখে ইসলাম শেখার সুযোগ নেই। আক্কেলপুর (জয়পুরহাট): উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হকের সভাপতিত্বে মতবিনিয়ম সভা থেকে জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম ও ওলামা-মাশায়েখ উপস্থিত ছিলেন। নিকলী (কিশোরগঞ্জ): উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, জামায়াত ধর্ম নিয়ে নানা অপব্যাখ্যা দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। ইউএনও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় নিকলীর সাতটি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।চৌদ্দগ্রাম (কুমিল্লা): উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে জামায়াত-শিবির দেশজুড়ে নৈরাজ্য শুরু করেছে। আলেম সমাজের উচিত, সেসব অপব্যাখ্যার সঠিক ব্যাখ্যা উপস্থাপন করে ওদের মুখোশ খুলে দেওয়া। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও আলেমরা মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশ করেন। বাঘাইছড়ি (রাঙামাটি): উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর জামে মসজিদের ইমাম ফয়জুল আমিন। বক্তারা বলেন, কিছু লোক নিজের স্বার্থে ধর্মের নামে অপপ্রচার চালিয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। যারা ইসলাম ধর্মের নামে অপপ্রচার চালাচ্ছে, তাঁরা ইসলামের শত্রু। মহেশখালী (কক্সবাজার): মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে মসজিদের পবিত্রতা রক্ষা, ইসলামের নামে কুৎসা রটনা ও অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সবার প্রতি আহ্বান জানানো হয়।