জামায়াত-শিবিরের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ
সারা দেশে জামায়াত-শিবিরের সহিংসতার প্রতিবাদে এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পতাকা মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গণজাগরণ মঞ্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ফরহাদ হোসেন, প্রক্টর সোহেল আহমেদ, শিক্ষার্থী পিনাক পানি ভট্টাচার্য, ফেরদৌস আলম, সানিউজ্জামান প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদ এবং কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধী অপরাধীর ফাঁসি, জামায়াত-শিবিরের রাজনীতি ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়। একই দাবিতে বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ৪২ ফুট দীর্ঘ পতাকা উত্তোলন করা হয়।