জামায়াত-শিবিরের হামলায় ছাত্রলীগের পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের হামলায় স্থানীয় উপজেলা ছাত্রলীগের আহ্বায়কসহ সংগঠনের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার স্থানীয় মলিকা দিঘিরপাড় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সজীবের নেতৃত্বে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়। এ খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাহউদ্দিন সুমনের নেতৃত্বে সংগঠনের ১০-১২ জন নেতা-কর্মী মোটরসাইকেলযোগে সেখানে উপস্থিত হন। তাঁরা সজীবকে মারধর করে আটকে রাখেন। পরে সজীবের চাচা স্থানীয় জামায়াত নেতা শরীফ উল্লাহর নেতৃত্বে ৩০-৩৫ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী ঘটনাস্থলে পৌঁছে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। তাঁরা পিটিয়ে পাঁচজনকে আহত করেন। গুরুতর আহত খোরশেদ আলম, মাইন উদ্দিন খান ও সোহেল রানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে সজীব বলে, ‘আমরা শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে গ্রেপ্তারের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালান।’সালাউদ্দিন সুমন এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জামায়াত-শিবিরের অস্ত্রধারীরা পূর্বপরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করে।’স্থানীয় থানার এসআই মহসিন সরকার জানান, ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।