সিলেট সদর উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য দুলাল মিয়ার (৩৬) হাত-পায়ের রগ কাটার ঘটনায় এক আইনজীবীসহ জামায়াত-শিবিরের ১১ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। দুলালের ভাই তাজ উদ্দিন বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় ওই মামলা করেন।
ঘটনাস্থল থেকে হামলাকারীদের ব্যবহূত একটি মোটরসাইকেল মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১১টার দিকে নগরের আখালিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে দুলালকে আহত করে চলে যায় একদল দৃর্বৃত্ত। রামদা ও দায়ের কোপে দুলালের দুই হাত ও এক পায়ের ৩৫টি স্থানে রগ কেটে যায়। পরে দুলালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় দুলাল তাঁর ওপর হামলাকারী তিনজনের নামও পুলিশকে জানান। পরদিন পুলিশ শাহিদ ও সহিদুর নামে শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।