জামায়াত-শিবিরের ১৫ জনসহ চার জেলায় গ্রেপ্তার ৬৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা, দিনাজপুর, নীলফামারী ও নওগাঁয় গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত জামায়াত-শিবিরের ১৫ জন নেতা-কর্মীসহ ৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগসহ বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৬ জন কর্মীসহ ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে। এঁদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১৯ জন, কলারোয়ায় ২ জন, তালা ও দেবহাটায় ৩ জন করে, কালীগঞ্জে ৫ জন, আশাশুনি ও শ্যামনগরে ৪ জন করে এবং পাটকেলঘাটায় ১ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
দিনাজপুর: কাহারোল থানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নাশকতার পরিকল্পনার খবর পেয়ে পুলিশ উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের পূর্ব সাদীপুর গ্রামের আজিজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে শিবিরের ৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। এ সময় ২০টি জিহাদি বই, তিনটি রামদা ও দুটি ছোরা এবং সাংবাদিকের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী সরকার জানান, তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
নীলফামারী: জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা গেছে, বুধবার রাতে নীলফামারীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ১ কর্মী এবং বিভিন্ন মামলার ও অভিযোগপত্রভুক্ত পলাতক ১৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামায়াতের কর্মী খালেদুল ইসলামকে গ্রেপ্তার করে ডিমলা থানার পুলিশ। তিনি উপজেলার খালিশাচাঁপানি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং ডিমলা বড়বাড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে বলে জানান ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন।
নওগাঁ: মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, গত বুধবার রাতে মান্দা উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আবদুল কাইয়ুমকে উপজেলার কালীগ্রামে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান ওসি।