জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ ১৬১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে পৃথক আরেকটি মামলায় বিচার শুরু হয়েছে। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নুর দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় অভিযোগ গঠন করেন। আদালত আগামী ৬ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।পল্টন থানার একটি মামলায় ১৫ জানুয়ারি আজহারুল ইসলামসহ ১২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই মামলায়ও আগামী ৬ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন রয়েছে। গত বছরের ১৯ সেপ্টেম্বর রাজধানীর পল্টন ও রমনা থানা এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দিয়ে সরকারি সম্পদ ধ্বংসের অভিযোগে জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া এবং দ্রুত বিচার আইনে পাঁচটি মামলা করে পুলিশ। ঘটনার আট দিন পর দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় রমনা ও পল্টন থানা পুলিশ পৃথক দুটি অভিযোগপত্র দেয়। গতকাল আদালত জামায়াতের নেতা আজহারুল ইসলাম, তাসনীম আলম, ইজ্জত আলীসহ ১৬১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ১৬১ আসামির মধ্যে ১৪৯ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ছয়জন পলাতক ও ছয়জন জামিনে আছেন। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা রাজপথে ভয়ভীতি প্রদর্শন করে বেআইনিভাবে যানবাহন চলাচলে বাধা দেন। এ ছাড়া তাঁরা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধাদান ইত্যাদি অপরাধে যুক্ত।