জামায়াত-শিবিরের ১৭ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে জেলা ও রামপাল উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৭ জন নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করায় পুলিশ গতকাল শুক্রবার সকালে মামলাটি করে।পুলিশ গতকাল সকালে মামলার অন্যতম আসামি উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ আবু নাছেরকে (৫০) গ্রেপ্তার করেছে। উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন: জামায়াতের জেলা আমির মশিউর রহমান খান, সেক্রেটারি আবদুল ওয়াদুদ, রামপালের আমির জুলফিকার আলী, শিবিরের জেলা সভাপতি আজমল হোসাইন, সেক্রেটারি তাজমুল হোসেন, উপজেলা শিবিরের সভাপতি শেখ ইশাদুল হক, সেক্রেটারি শেখ সালাহ উদ্দিন প্রমুখ।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঈদের দিন সকালে শিবিরের ৫০-৬০ জন নেতা বাইসাইকেলযোগে ‘শেখ মুজিব গেছে যে পথে, শেখ হাসিনা যাবে সেই পথে’, ‘শেখ হাসিনা নিপাত যাক, বাংলাদেশ রক্ষা পাক’সহ সরকারবিরোধী, উসকানিমূলক ও স্পর্শকাতর স্লোগান দিয়ে উপজেলা সদরের ঝনঝনিয়া এলাকায় আসেন। এখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিবাদ করলে ছাত্রশিবিরের ওই দলের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আহত হন।এ ঘটনায় সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে রামপাল থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে গতকাল সকালে জামায়াত-শিবিরের ১৭ জন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আটজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন। এর আগে ছাত্রলীগের নেতা-কর্মীদের আহত করার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি মুনির হোসেন বাদী হয়ে গত বুধবার শিবিরের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা করেন।রামপাল থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ আবু নাছেরকে সকালে শ্রীফলতলা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল ওয়াদুদ রাষ্ট্রদ্রোহের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের সন্তুষ্ট করতে মিথ্যা মামলা করেছে।