জামায়াত-শিবিরের ১৯ নেতা-কর্মী গ্রেপ্তার
বিক্ষোভ মিছিলের চেষ্টাকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমিরসহ দুজন এবং চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জামায়াত-শিবিরের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।কুড়িগ্রাম: পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে গোলাম আযমসহ জামায়াতের সব নেতার মুক্তির দাবিতে রোববার সন্ধ্যা ছয়টায় বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতা-কর্মীরা। পরে স্থানীয় লোকজন সংগঠিত হয়ে মিছিলটি থামিয়ে উপজেলা জামায়াতের আমির আবদুল মালেকসহ দুজনকে আটকের পর পুলিশে সোপর্দ করে। এ সময় অন্যরা পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ: ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ সরওয়ার্দী বলেন, রোববার সন্ধ্যায় জামায়াত ও শিবিরের বেশ কিছু নেতা-কর্মী উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। ওই ১৭ জন ও ভোলাহাট থানা জামায়াতের আমির গোলাম কবির গোলাপসহ ৩০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।