জামায়াত-শিবিরের ২ নেতাকে নির্বাচন পর্যবেক্ষকের কার্ড!
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় গতকাল মঙ্গলবার উপজেলা রিটার্নিং কর্মকর্তা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে সাংবাদিক হিসেবে নির্বাচনী পর্যবেক্ষকের পরিচয়পত্র দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী রুকনুজ্জামানের অভিযোগ সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রে ঢোকার জন্য উপজেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন গতকাল উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও ছাত্রশিবিরের সভাপতি গোলাম রব্বানীকে পর্যবেক্ষকের পরিচয়পত্র দিয়েছেন। সাংবাদিক না হলেও সরিষাবাড়ী সাংবাদিক ফোরামের নামে তাঁদের এই পরিচয়পত্র দেওয়া হয়।
সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, এখানে সরিষাবাড়ী সাংবাদিক ফোরাম বলে কিছু নেই। ভুয়া সাংবাদিক হিসেবে জামায়াত-শিবিরের দুই নেতাকে পর্যবেক্ষকের কার্ড দেওয়া হয়েছে।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি গোলাম রব্বানী বলেন, ‘নির্বাচনে একটু ঘুরব। তাই সাংবাদিক হিসেবে পরিচয়পত্র নিয়েছি।’ রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন বলেন, জামায়াত-শিবিরের দুই নেতার পর্যবেক্ষক কার্ড ফেরত নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্লোরা বিলকিস জাহান বলেন, ‘দুই জামায়াত নেতাকে পরিচয়পত্র দেওয়ার বিষয়টি খতিয়ে দেখব।’ আওয়ামী লীগের প্রার্থী রুকনুজ্জামান বলেন, নির্বাচনে সহিংসতা ঘটাতে রিটার্নিং কর্মকর্তা জামায়াত-শিবিরের দুই নেতাকে সাংবাদিক হিসেবে পরিচয়পত্র দিয়েছেন।