জামায়াত-শিবিরের ২১ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৬৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গত শুক্রবার দিবাগত রাত থেকে গতকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ছয় কর্মীসহ ৫১ জনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে শুক্রবার বিকেলে গোপন বৈঠক করার সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমিরসহ দলটির ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ককটেল, পেট্রলবোমা ও গানপাউডার উদ্ধার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক শেখ এমদাদ হোসেন বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ছয়জন কর্মীসহ ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম বলেন, উপজেলার ইসলামিক একাডেমিতে গোপন বৈঠক করার সময় শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতের আমির ইউনুস আলী ও কর্মপরিষদের নয়জন সদস্যসহ দলটির ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সেখান থেকে ১০টি ককটেল, আটটি পেট্রলবোমা ও আধা কেজি গানপাউডার উদ্ধার করা হয়।