জামায়াত শিবিরের ২২ নেতা-কর্মী আটক
বরিশাল, রংপুর, ফেনী ও শেরপুরে মঙ্গলবার গভীর রাতে ও গতকাল বুধবার ভোরে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ২২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সরকারবিরোধী কার্যকলাপে জড়িত হতে ও নাশকতা চালাতে পারে—এমন আশঙ্কায় এবং বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়। তাঁদের কয়েকজনের কাছ থেকে বিপুল পরিমাণ পোস্টার, প্রচারপত্র ও জেহাদি বই উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: বরিশাল: পুলিশ জানায়, নগরের অক্সফোর্ড মিশন রোডে ছাত্রশিবিরের মেস হিসেবে পরিচিত নীলাচল নামের একটি বাড়িতে গতকাল বেলা ১১টার দিকে অভিযান চালায় বরিশাল কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ। সরকারবিরোধী কার্যকলাপ পরিচালনা করতে ও নাশকতা চালাতে পারে—এমন আশঙ্কায় থেকে মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী সাইফুল ইসলাম, ছাত্রশিবিরকর্মী মো. আল আমীন, সাইফুল ইসলাম, আবদুর রহমান, রফিকুল ইসলাম, মো. মাহমুদ, রফিকুল হাসান এবং মাহমুদকে আটক করা হয়। এ সময় মেস থেকে জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি-সংবলিত বেশ কিছু পোস্টার, প্রচারপত্র, জেহাদি বই, সাইমুম শিল্পী গোষ্ঠীর বেশ কয়েকটি সিডি ও চারটি কম্পিউটার উদ্ধার করে পুলিশ ।বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কমলেশ হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রংপুর: কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম জানান, শহরের খলিফাপাড়ার রেনেসাঁ মেস থেকে গতকাল ভোরে ছাত্রশিবিরের ছয়জন কর্মী এবং সকাল নয়টার দিকে শহরের শাপলা চত্বর থেকে আরও তিনজন কর্মীকে আটক করা হয়। তাঁরা হলেন: আনোয়ারুল ইসলাম, সুমন, গোলাম আযম, আবু সাঈদ, খাদেমুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, শামসুল হুদা, ইশতিয়াক আহমেদ ও শফিকুল ইসলাম। ফেনী: সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গতকাল দুপুরে শহরের পাঠানবাড়ী সড়ক থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জামায়াতের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ফেনীর শহর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল ওহাব এবং দলের কর্মী রহিম উল্লাহ। তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে মামলা রয়েছে।শেরপুর: মঙ্গলবার দিবাগত গভীর রাতে শহরের কসবা কাঠগড় এলাকা থেকে শহর জামায়াতের নেতা মোস্তাফা সেলিম (৬০) ও আবু বকর সিদ্দিককে (৫০) এবং ঝিনাইগাতী উপজেলা সদর থেকে উপজেলা শিবিরের সভাপতি সুলতান আহমেদকে (২৬) গ্রেপ্তার করা হয়।