জামায়াত-শিবিরের ২৫ জন নেতা-কর্মীর নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ছাত্রলীগের সাবেক নেতা জগৎজ্যোতি তালুকদার হত্যাকাণ্ডে জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে থাকা জগৎজ্যোতির সহকর্মী সিলেট নগরের চন্দনটুলার বাসিন্দা সাব্বির আহমদ বাদী হয়ে এ মামলা করেন। পুলিশ জানায়, সিলেট নগরের আখালিয়া এলাকায় জামায়াত-শিবিরের একটি সশস্ত্র দল কুপিয়ে জগৎজ্যোতিকে হত্যা করে। এ সময় তাঁর ব্যক্তিগত গাড়িও পোড়ানো হয়। জামায়াত-শিবিরের ডাকা হরতাল সামনে রেখে জনমনে আতঙ্ক ছড়াতে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। সশস্ত্র হামলায় অংশ নেওয়া ২৫ জনের নাম মামলার এজাহারে পর্যায়ক্রমে উল্লেখ করে বলা হয়েছে, এঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন ছিলেন। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার বাসিন্দা ইসলামী ছাত্রশিবিরের আলোচিত ক্যাডার গাজী নাসিরকে। তাঁর নেতৃত্বে আখালিয়া এলাকার বাসিন্দা শিবির কর্মীদের একটি সশস্ত্র দল ছিল বলে মামলায় উল্লেখ করা হয়। এ ছাড়া সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল হাই, মহানগর শিবিরের সভাপতি আনোয়ারুল ওয়াদুদ, শিবিরের জেলা উত্তরের সভাপতি সাইফুল আমিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি হোসেইন আহমদ, সেক্রেটারি এহসানুল করিম, সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি সাঈদ মো. আবদুল্লাহসহ আরও ১৬ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।যোগাযোগ করলে সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসাইন জানান, মামলাটি রাতে নথিভুক্ত করে গতকাল বুধবার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।