জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মী দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের ২৫ জন নেতা-কর্মীকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক আজ শনিবার এ আদেশ দেন।

গতকাল শুক্রবার বিকেলে শেরেবাংলা নগরের একটি বাসা থেকে ওই ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

শেরেবাংলা নগর থানায় করা এ মামলার তদন্ত কর্মকর্তা সোহরাব আল হুসাইন ওই ২৫ জনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে বলা হয়, শুক্রবার বিকেলে শেরেবাংলা নগরের একটি বাসায় দেশের গুরুত্বপূর্ণ সম্পদ ও ব্যক্তিগত সম্পদের ক্ষতিসাধনের পরিকল্পনার জন্য ওই ২৫ জন এক হন। সেখান থেকে আসামিদের হেফাজত থেকে ‘ইসলাম ও ইসলামী আন্দোলন ধ্বংসের ষড়যন্ত্র ও বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হোন’ শিরোনামে বিভিন্ন প্রচারপত্র এবং ১৬টি কম্পিউটারসহ আরও প্রচারপত্র জব্দ করা হয়।

গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা বলেন, গ্রেপ্তার হওয়া আসামি মোখলেস এবং পলাতক আসামি মাহিদুল আলম ও আলাউদ্দিনের কাছ থেকে ফ্ল্যাট ভাড়া নিয়ে তাঁরা কার্যক্রম চালিয়ে আসছিলেন। এই আসামিরা জামায়াত-শিবিরের উচ্চপদস্থ নেতাদের সহায়তায় নাশকতার পরিকল্পনা করে উসকানিমূলক বিবৃতি প্রচার করে আসছিলেন। জামায়াত-শিবিরের পলাতক উচ্চপদস্থ নেতা-কর্মীদের গ্রেপ্তারে এই আসামিদের জিজ্ঞাসাবাদ করা জরুরি।

শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।