জামায়াত-শিবিরের ৩০৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আবদুস সামাদের ওপর হামলার ঘটনায় শুক্রবার গভীর রাতে মামলা করেছে পুলিশ। এতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের আটজন নেতা-কর্মী এবং অজ্ঞাতনামা ৩০০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।গতকাল রোববার দুপুরে পুলিশ রমজান আলী নামের জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে।তিনি দলটির স্থানীয় নেতা ও সাজাপুর ফুলতলা মাদ্রাসার অধ্যক্ষ।শুক্রবার বগুড়া জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবদুর রহমান ফকিরের স্মরণে শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা মাদ্রাসা মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক সমাবেশের আদলে মঞ্চ তৈরি করা হয়। অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ উপস্থিত হলে ইউএনও আবদুস সামাদ মঞ্চে উঠে ১৪৪ ধারা জারি করেন। এতে জামায়াত ও শিবিরের ক্ষুব্ধ নেতা-কর্মীরা সমাবেশস্থলেই ইউএনও আবদুস সামাদ এবং শাজাহানপুর থানার ওসি আনিছুর রহমানের ওপর হামলা চালায়।