পুলিশের দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট দক্ষিণ জেলা আমির হাবিবুর রহমান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান ও সিলেট মহানগর আমির এহসানুল মাহবুব জোবায়েরসহ ৩১ জনকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বুধবার বিকেলে জামায়াতের এসব নেতা হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান। জামিন শুনানি শেষে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত বেঞ্চ তাঁদের সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। একই সঙ্গে আদালত এ সময়ের মধ্যে তাঁদের হয়রানি ও গ্রেপ্তার না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হত্যার ঘটনায় জামায়াত-শিবিরের বেশ কিছু নেতা-কর্মী গ্রেপ্তার হন। এ ঘটনায় সিলেটে জামায়াত-শিবির প্রতিবাদ মিছিল করে। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১২ ফেব্রুয়ারি সিলেট কোতোয়ালি থানায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে একটি মামলা করেন।