পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ৩২ নেতা-কর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। তাঁদের মধ্যে নয়জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাঁরা সবাই ছাত্রশিবিরের কর্মী। চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসির আহমেদ গতকাল রোববার শুনানির পর রিমান্ডের আদেশ দেন। ১৯ সেপ্টেম্বর নগরের মুরাদপুর এলাকায় জামায়াত-শিবিরের ক্যাডাররা পুলিশের ওপর আকস্মিক হামলা চালান। এতে পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আদালত সূত্র জানায়, পুলিশ জামায়াত-শিবিরের ৩৬ নেতা-কর্মীকে সাত দিন করে রিমান্ডের আবেদন করে। গতকাল এ বিষয়ে শুনানির পর মহানগর হাকিম ৩২ জনকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। অন্য দুজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দেওয়া হয়। আদালত সূত্র আরও জানায়, অসুস্থ থাকায় জামায়াত-সমর্থিত একজন চিকিৎসকসহ দুজনের ব্যাপারে কারাগার কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছেন আদালত। গতকাল ওই চিকিৎসকসহ দুজনকে আদালতে হাজির করা হয়নি। তাঁদেরও সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।মুরাদপুরের ঘটনায় জামায়াতে ইসলামীর সাংসদ ও নগর আমির শামসুল ইসলামসহ ১১৮ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি মামলা করে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রথম দিন ২৩ জনকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয় আরও নয়জনকে। পরে নগরে গ্রেপ্তার হন আরও চারজন।