জামায়াত-শিবিরের ৩৪৮ জনের বিরুদ্ধে মামলা
নোয়াখালীর সেনবাগে জামায়াত-শিবিরের ৩৪৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের মামলা দায়ের করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে থানার সহকারী উপপরিদর্শক আবদুল হান্নান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় কাদরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি দ্বীন মোহামঞ্চদসহ জামায়াত ও শিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করা হয় এবং বাকি ৩০০ জনকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী সাখাওয়াত হোসেন গতকাল তিনি মুঠোফোনে বলেন, মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতভর এজহারভুক্ত আসামিদের বাড়িঘরে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। কিন্তু কাউকে পাওয়া যায়নি। এ ছাড়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। এদিকে, বৃহস্পতিবার জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় আহত আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার কর্মীকে রাতে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁরা হলেন: জাহাঙ্গীর আলম ওরফে হাজারী জাহাঙ্গীর, আবদুল মান্নান, মো. বাবলু ও আবুল হোসেন।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ফরিদউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ভর্তি হওয়া চারজনের মধ্যে জাহাঙ্গীরের আঘাত বেশ গুরুতর। গত মঙ্গলবার হরতাল চলাকালে শিবির কর্মীরা ডমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম ফাত্তাহকে লাঞ্ছিত করে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে গাজীরহাট এলাকায় আওয়ামী লীগ কর্মীরা জামায়াত সমর্থক কলেজ শিক্ষক মহিউদ্দিনকে লাঞ্ছিত করে। এ নিয়ে দুপুরে গাজীরহাট এলাকায় আওয়ামী লীগ-জামায়াত সংষর্ষের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর চালায় জামায়াত কর্মীরা।