রাজধানীর মিরপুরে বেগম রোকেয়া সরণিতে গত শনিবার পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের প্রায় ৭৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মিরপুর ও কাফরুল থানায় আলাদা দুটি মামলা করেছে পুলিশ। এই দুই মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ৪২ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জামায়াত-শিবিরের ওই হামলায় মিরপুর অঞ্চলের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাইদুর রহমানসহ পুলিশের অন্তত ১১ জন সদস্য আহত হন।মিরপুর থানায় মামলা: পুলিশ সূত্র জানায়, পুলিশকে পিটিয়ে আহত এবং তাদের যানবাহন ভাঙচুরের অভিযোগে গত শনিবার রাতে মিরপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) আসলামউদ্দিন। ওই তিনজন হলেন জামায়াতের কর্মী সাদেকুল্লাহ (৪১), দুলাল হোসেন (৪১) ও শিবিরকর্মী মো. ফুয়াদ (১৮)।মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার এসআই ইয়াছিন গাজী জানান, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া সাদেকুল্লাহ, দুলাল ও ফুয়াদের তথ্যের ভিত্তিতে পরে আরও ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়ে গতকাল পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে মহানগর হাকিম আবদুস সালাম তাঁদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। কাফরুল থানায় মামলা: গত শনিবার রাতে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত-শিবিরের ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি করেন থানার এসআই মাইনুল কবির। মামলায় কেবল শিবিরকর্মী ফুয়াদের নাম উল্লেখ রয়েছে। পরে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাঁদের মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত ফুয়াদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে গতকাল দুপুরে পল্লবীর সাংবাদিক প্লটের সামনে প্রচারপত্র বিতরণের সময় শিবিরকর্মী সন্দেহে পুলিশ তিনজকে আটক করে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সম্পাদক মু. শফিকুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানীর সব থানা এলাকায় প্রচারপত্র বিতরণের সময় জামায়াতের ২৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।