জামায়াত-শিবিরের ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
বাগেরহাটে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ৪২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ৩০০-৪০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক মো. সফিউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
নাম উল্লেখ করা নেতাদের মধ্যে জামায়াতের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল শেখ আবদুল ওয়াদুদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মঞ্জুরুল হক রাহাত রয়েছেন। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গতকাল রাতে বাগেরহাট শহরতলির কাড়াপাড়া ইউনিয়নের দেওয়ানবাটি গ্রামে ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মঞ্জুরুল হক রাহাতের বাড়িতে অভিযান চালাতে গেলে জামায়াত-শিবিরের ৩০০-৪০০ সশস্ত্র কর্মী পুলিশের দলকে ঘিরে ফেলেন। তাঁরা পুলিশের ওপর হামলা চালান। এতে বাগেরহাট মডেল থানার ওসিসহ পুলিশের পাঁচজন সদস্য আহত হন। এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তত ৫০টি গুলি ছুড়ে আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করে।
পুলিশের ওপর হামলার এ অভিযোগ অস্বীকার করেছে জামায়াতে ইসলামী। পুলিশের গুলিতে তাদের দুই কর্মী গুলিবিদ্ধ হওয়াসহ অন্তত ২০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছে তারা।
বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল শেখ আবদুল ওয়াদুদ বলেন, পুলিশ কোনো কারণ ছাড়াই মঞ্জুরুল হকের বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়ে তাঁর বাড়ির আসবাব, ফ্রিজ, মোটরসাইকেল ভাঙচুর করে। পরে গ্রামবাসীর প্রতিরোধের মুখে পুলিশ পিছু হটে যায়।