চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে গত শুক্রবার সাংসদ আবু রেজা নদভীকে লাঞ্ছিত করার ঘটনায় গতকাল সোমবার ভোররাত পর্যন্ত জামায়াত-শিবির ৫৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন এজাহারভুক্ত আসামি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান জানান, সাংসদকে লাঞ্ছিত করার ঘটনায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক দুই সাংসদ মো. শাহজাহান চৌধুরী ও আ ন ম সামশুল ইসলামসহ জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগের সাংসদ আবু রেজা নদভী লোহাগাড়ার চুনতিতে সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
আবু রেজা নদভী প্রথম আলোকে বলেন, ‘জামায়াত-শিবিরের ক্যাডাররা আমাকে হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।’ হামলার জন্য তিনি জামায়াতের সাবেক দুই সাংসদকে দায়ী করেন।
অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হেলাল উদ্দিন বলেন, ‘জামায়াত-শিবিরের কর্মীরা কখনো এ ধরনের ঘটনা ঘটাতে পারে না। তা ছাড়া বর্তমানে আমরা উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে ব্যস্ত।’