জামায়াত-শিবিরের ‘পলাতক’ তিন নেতা সমাবেশে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের চোখে পলাতক জামায়াতের ইসলামী ও ছাত্রশিবিরের তিনজন নেতা গতকাল ১৮ দলীয় জোটের সমাবেশে আসেন, বক্তব্যও দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় তাঁরা আসামি। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও আছে। এই তিন নেতা হলেন: জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বুলবুল ও ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসাইন সাঈদী। গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জন নেতা বর্তমানে কারাগারে। ওই মামলায় জামায়াতের তিন নেতাও আসামি ছিলেন। কিন্তু তাঁরা এখনো জামিনের আবেদনই করেননি। পুলিশেরে দৃষ্টিতে এই তিন নেতা পলাতক। তাঁদের আদালতে হাজির হতে পত্রিকায় গণবিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এত কিছুর পরও এই তিন নেতা কীভাবে সমাবেশে এলেন, তা নিয়ে সমাবেশে আসা অনেকেই বিস্ময় প্রকাশ করেন। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘প্রথম সুযোগে এবং দ্রুততম সময়ে তাঁদের গ্রেপ্তার করা হবে।’