জামায়াত-শিবিরের ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে ছাত্রলীগের সমাবেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে জামায়াত-শিবিরের ‘তাণ্ডব ও নাশকতার ষড়যন্ত্রের’ বিরুদ্ধে চট্টগ্রামে সমাবেশ ও মিছিল করেছে ছাত্রলীগ। চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে গতকাল চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করে।সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ। মহানগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিমের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শাহজাদা মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী, সহসভাপতি রিয়াজউদ্দিন, মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক, জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদার, উত্তর জেলা শাখার সভাপতি বখতেয়ার সাঈদ, সাধারণ সম্পাদক আবু তৈয়ব, দক্ষিণ জেলার আহ্বায়ক আবদুল মালেক প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার জন্য মাঠে নেমেছে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সালাউদ্দিন কাদের চৌধুরীর সমর্থকেরা। তাঁদের সহযোগিতা করছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।