জামায়াত-সমর্থক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াত-সমর্থক জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ জালাল আহমদকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।জালালাবাদ থানা সূত্র জানায়, ১১ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়। ছাত্রলীগের দুজন কর্মী ও একজন পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই তিন মামলায় ইউপি চেয়ারম্যান জালাল এজাহারভুক্ত আসামি ছিলেন। গতকাল সকালে জেলা পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যানদের একটি কর্মশালা থেকে ফেরার পথে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে আটক করে।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন প্রথম আলোকে জানান, জামায়াত-সমর্থক ইউপি চেয়ারম্যান জালালের বিরুদ্ধে ১১ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত শিবির ক্যাডারদের অনুপ্রবেশ করার অভিযোগ রয়েছে। এ অভিযোগে তিনটি মামলায় তিনি আসামি। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়ে থাকা ইউপি চেয়ারম্যানকে আটকের পর তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ১১ জানুয়ারি জামায়াতের সাবেক আমির গোলাম আযম যুদ্ধাপরাধী মামলায় গ্রেপ্তার হওয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ আনন্দ মিছিল করে। সন্ধ্যায় আবাসিক হল থেকে ছাত্রলীগ আনন্দ মিছিল বের করতে চাইলে শিবিরের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পরদিন মহানগর পুলিশের জালালাবাদ থানায় ৬০ জন নেতার নাম উল্লেখ করে শিবিরের অজ্ঞাতপরিচয় শতাধিক কর্মী-সমর্থককে আসামি করে তিনটি মামলা হয়।