জামায়াত-সমর্থক হাজি সেলিমের বিরুদ্ধে আদিবাসীদের জমি দখলচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের সুয়ালকে সাতকানিয়ার জামায়াতে ইসলামীর সমর্থক হাজি সেলিম উল্লাহ আদিবাসীদের ভূমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেলিম ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পর গতকাল মঙ্গলবার আদিবাসীরা ভূমি রক্ষার জন্য সভা করেছে। জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুয়ালক মাঝেরপাড়া, হেডম্যানপাড়ার লোকজন বলেছে বান্দরবান সদর উপজেলার সুয়ালকের মুরুঙ্গ্যা ঝিড়ি এলাকায় তারা বংশপরম্পরায় জুম চাষ করে আসছে। সেখানে কেউ কেউ বন্দোবস্ত জমি ও ভোগদখলীয় জমির ওপর ফলদ-বনজ বাগানও করেছেন। কয়েক মাস ধরে জামায়াতে ইসলামীর সমর্থক (সাতকানিয়ার পৌর নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী) হাজি সেলিম বাইরে থেকে সন্ত্রাসী নিয়ে এসে দখলের চেষ্টা করছেন। এ ব্যাপারে হাজি সেলিমের সঙ্গে গতকাল মঙ্গলবার মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি কথা বলতে চাননি। ব্যস্ত রয়েছেন এবং পরে কথা বলবেন বলে ফোন কেটে দিয়েছেন। তবে ব্যবস্থাপক আহম্মদ নবী বলেছেন বিভিন্ন জনের কাছ থেকে ২৫০ একর জমি কিনেছেন। ওই কিনে নেওয়া জমির ওপর বাগান করতে গেলে আদিবাসীরা তাঁদের বাধা দিচ্ছে। সুয়ালক মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) মংথোয়াইচিং মারমা বলেছেন হাজি সেলিম রাবার-হর্টিকালচারের ইজারা জমি কিনে নিয়েছেন বলে দাবি করেছেন। কিন্তু মুরুঙ্গ্যা ঝিড়ি ও আশপাশের এলাকার ইজারা জমির সব ইজারা প্লট বাতিল হয়েছে। যে প্লটগুলো বাতিল নোটিশ জারি হয়নি সেগুলোও ইজারা চুক্তির শর্ত অনুযায়ী ১০ বছরের মধ্যে বাগান না করায় স্বাভাবিকভাবে বাতিল হয়ে গেছে।