জামায়াত সমর্থকসহ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরতলির কদমতলা এলাকা থেকে গতকাল রোববার জামায়াতের সমর্থক হবিবুর রহমান ওরফে হবি (৩০) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পুলিশ উদ্ধার করেছে। একই দিন যশোরের চৌগাছা উপজেলার বিল থেকে আলমগীর হোসেন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে কদমতলা মাংস বাজারে হবিবুর রহমানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাঁর মাথা ও শরীরে তিনটি গুলির চিহ্ন রয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ গতকালই তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি সদর উপজেলার কুচপুকুর গ্রামের আকবর আলীর ছেলে। হবিবুর ওই এলাকায় জামায়াতের পক্ষে একের পর এক নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটাচ্ছিলেন।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির আবদুল খালেক দাবি করেন, হবিবুর জামায়াতের একজন সমর্থক মাত্র। তাঁর বাবা জামায়াতের একজন সক্রিয় কর্মী। জামায়াত সহিংসতা কিংবা নাশকতা করে না। কেউ যদি এসব করে থাকে তাহলে তার নিজ দায়িত্বে করছে।

চৌগাছা থানার ওসি মতিয়ার রহমান জানান, সকাল সাড়ে নয়টার দিকে চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের পশ্চিমের বুড়োর বিলে আলমগীর হোসেনের লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। তিনি চৌগাছা পৌর এলাকার মাঠপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার পর লাশটি বিলে ফেলে গেছে। লাশের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন ছিল।