জামায়াত-সমর্থকের জামিনে আ.লীগ নেতার প্রত্যয়নপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় বোমা বানাতে গিয়ে শিবিরের এক নেতার কবজি উড়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে প্রত্যয়নপত্র দিয়েছেন দলটির কাহালু উপজেলা কমিটির সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ। গত বুধবার বগুড়ার আদালতে এই প্রত্যয়নপত্র নিয়ে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।
ওই আসামির নাম মোখলেছার রহমান (৪৫)। তিনি কাহালু উপজেলার পাল্লাপাড়া মহল্লার মৃত রমজান আলীর ছেলে এবং বগুড়া শহরের ইসলামী ব্যাংক হাসপাতালের ওয়ার্ড বয়। একই সঙ্গে তিনি জামায়াতের সমর্থক।
হেলাল উদ্দিন কবিরাজ তাঁকে প্রত্যয়নপত্র দেওয়ার কথা স্বীকার করে বলেন, মোখলেছার তাঁর বাড়ির পাশের ছেলে। তিনি কোনো দিন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩ জানুয়ারি বগুড়া শহরের জামিলনগর এলাকায় প্রিন্স ছাত্রাবাসে বোমা তৈরির সময় বিস্ফোরণে শিবিরের সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি জুয়েল সরকারের বাঁ হাতের কবজি উড়ে যায়। তাঁকে গোপনে বগুড়া শহরের মফিজ পাগলা মোড়ে অবস্থিত জামায়াত নিয়ন্ত্রিত ইসলামী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে জুয়েল সরকার, ওই হাসপাতালের পরিচালক সেলিম রেজা, ওয়ার্ড বয় মোখলেছারসহ আটজনকে আটক করা হয়। ওই দিনই সদর থানার শহর উপপরিদর্শক (টিএসআই) আজমল হোসেন বাদী হয়ে ছয়জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। ওই মামলায় তিন নম্বর আসামি মোখলেছার।
৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন যে প্রত্যয়নপত্র দিয়েছেন তাতে উল্লেখ করা হয়েছে, ‘মোখলেছার এবং তাঁর পরিবারবর্গ জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। প্রয়োজনের তাগিদে সে ইসলামী হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করে।’
এই প্রত্যয়নপত্রের ভিত্তিতে বগুড়া জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবদুল কাদের বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে বুধবার জামিনের আবেদন করেন। এ ব্যাপারে আবদুল কাদের জানান, তিনি বিষয়টি জানতেন না।
কাহালু উপজেলা যুবলীগের সভাপতি বেলাল হোসেন জানান, মোখলেছার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন। কারণ ইসলামী হাসপাতালে জামায়াত-শিবিরের লোকজন ছাড়া কারও চাকরি হয় না। তা ছাড়া ওই আসামিরা গ্রেপ্তার হওয়ার পর বগুড়া জামায়াতের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, তাদের অনুসারীদের গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়া আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মুখার্জি জানান, আসামি মোখলেছার রহমানকে আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী বলার কোনো সুযোগ নেই। কাহালু উপজেলা আওয়ামী লীগ সভাপতির এই প্রত্যয়নের বিষয়টি জেলা আওয়ামী লীগের সভাপতিকে জানানো হয়েছে।