জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী কারাগারে
যশোরের চৌগাছায় পৌরসভা নির্বাচনে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী কামাল আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চৌগাছা থানার একটি নাশকতা মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে যশোরের আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কামাল আহমেদ চৌগাছার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র।
পুলিশের আদালত পরিদর্শক রেজাউল করিম বলেন, গত ২৬ নভেম্বর কামাল আহমেদ মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনার পর ওই রাতেই চৌগাছা থানায় পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে একটি নাশকতা মামলা দায়ের করে। ওই মামলার পরিপ্রেক্ষিতে কামাল আহমেদ আজ আদালতে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণের আগে কামাল আহমেদ দাবি করেন, তাঁকে নির্বাচন থেকে বিরত রাখতে একটি পক্ষ মনোনয়নপত্রের টাকা জমা দেওয়ার পরপরই ষড়যন্ত্র করে তাঁকে মামলায় ফাঁসিয়ে দিয়েছে।
চৌগাছার রিটার্নিং কর্মকর্তা সুষমা সুলতানা বলেন, নির্বাচনের নীতিমালা অনুযায়ী ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তাঁর প্রার্থিতা বাতিল হবে না। তাই তিনি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।