জামায়াত-হেফাজতের ওড়না পরে গণতন্ত্রের কথা শোভা পায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু। ফাইল ছবি
হাসানুল হক ইনু। ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করেছেন, ‘খালেদা জিয়া ক্রমাগত গণতন্ত্র ও যুদ্ধাপরাধীদের নিয়ে বিভিন্ন রকমের নাটক করছেন। ওনার এই নাটক দেখার পর এটুকুই বলব, জামায়াত-হেফাজতের ওড়না পরে গণতন্ত্রের কথা শোভা পায় না।’

আজ শনিবার বেলা ১১টার দিকে মন্ত্রী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজে ডিজিটাল শ্রেণিকক্ষ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের ফেরেশতা সাজার নাটক করছেন। কিন্তু জামায়াত-হেফাজতকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের ফেরেশতা হওয়া যায় না। খালেদা জিয়া জামায়াত-হেফাজত ও তেঁতুল হুজুরদের সঙ্গে নিয়ে গণতন্ত্র নির্মাণের যে নাটক করছেন, তা থেকে সরে আসলে দেশ ও গণতন্ত্রের জন্য মঙ্গল।’

বিরোধী দলকে দমন করা হচ্ছে—বিএনপির এমন বক্তব্য কাল্পনিক দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা বিরোধী দলকে কোনো দমন করছি না। আমরা নাশকতা, অন্তর্ঘাতকে কঠোরভাবে দমন করব।’


এ সময় মন্ত্রীর সঙ্গে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।