বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী ১৮-দলীয় জোটের সঙ্গে আছে, থাকবে।
গত শুক্রবার বিকেলে নীলফামারী শহরের পৌর মার্কেটে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ১৮-দলীয় জোট আছে। ২০ জানুয়ারি রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশটি ছিল বিএনপির। এটা বিএনপির নিজস্ব কর্মসূচি। সে কারণে জামায়াত যায়নি। তারা ১৮-দলীয় জোটে আছে, থাকবে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভোটের নামে সরকারি সন্ত্রাস হয়েছে। র্যাব-পুলিশ-বিজিবি দিয়ে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে। ৫ শতাংশ ভোটও কোথাও হয়নি। ৯৫ শতাংশ মানুষ ভোট বর্জন করেছে। তারা এ প্রহসনের নির্বাচন মেনে নেয়নি।’ মির্জা ফখরুল আরও বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, খালেদা জিয়ার এ দাবি প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিকভাবে এ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।
বর্তমান সরকারকে অবৈধ সরকার অভিহিত করে মির্জা ফখরুল বলেন, তবু গণতন্ত্রের স্বার্থে বিএনপি এই সরকারের সঙ্গেও সংলাপে প্রস্তুত।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সামসুজ্জামান। এ সময় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফরহাদ হোসেন আজাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কামাল আনোয়ার আহমেঞ্চদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, সাবেক ছাত্রনেতা তৈবুর হোসেন, ছাদেকুর রহমান, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাসহ জেলা ও ছয় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।