জামায়াতই ত্যাগ করবে বিএনপিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্তবতা বুঝে জামায়াতে ইসলামীকে না ছাড়লে দলটি একসময় বিএনপিকেই ছেড়ে দেবে বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, ‘খালেদা জিয়াকে বুঝতে হবে আজকের বিশ্বে সাম্প্রদায়িক ও উগ্রবাদী রাজনীতি অচল। তবে খালেদা বোঝার আগে জামায়াত এটা বুঝতে পেরেছে। এ জন্য জামায়াতই বোধ হয় তাদেরকে (বিএনপি) আগে ত্যাগ করবে।’

আজ সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।

‘আওয়ামী লীগ এখন পরিত্যক্ত রাজনৈতিক দল’—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেন সুরঞ্জিত। তিনি বলেন, ‘আমরা বিএনপির অবস্থা বুঝি। তারা নীতিভ্রষ্ট ও পথভ্রষ্ট। বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেটা হতাশাগ্রস্ত রাজনীতির অসংলগ্ন উক্তি ও বাচালতার বহিঃপ্রকাশ।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘তাদের মা-ছেলের রাজনীতির মিল নেই। ছেলে বলে এক কথা; মা বলেন আরেক কথা। তারা (বিএনপি) আন্দোলন ও নির্বাচন কোনোটাই করতে পারবে না। কারণ, আন্দোলন করার নৈতিক শক্তি বিএনপি হারিয়ে ফেলেছে।’

সংগঠনের সহসভাপতি শহিদুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য  দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।