জামায়াতও নির্বাচনে, কাউন্সিলর প্রার্থী বাছাই চলছে
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে কাউন্সিলর পদে প্রার্থী বাছাইসহ নির্বাচন পরিচালনার জন্য দলের পক্ষ থেকে একটি কমিটিও গঠন করা হয়েছে।
জামায়াতের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, শুরুর দিকে দোটানায় থাকলেও শেষ পর্যন্ত জামায়াতের নীতিনির্ধারকেরা তিন সিটির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে দলের এই মনোভাবের কথা জোটের প্রধান শরিক বিএনপির শীর্ষ নেতৃত্বকেও জানানো হয়েছে। এখন জামায়াত নির্বাচনের ব্যাপারে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত ও কৌশল কী হবে, তা জানার অপেক্ষা করছে।
জামায়াতের দায়িত্বশীল নেতারা মনে করেন, হরতাল-অবরোধকেন্দ্রিক চলমান আন্দোলন যে অবস্থায় পৌঁছেছে, তাতে নির্বাচনে অংশ নেওয়াই ভালো। বরং বিনা চ্যালেঞ্জে ঢাকা সিটি করপোরেশন ছেড়ে দিলে ভবিষ্যতে আরও সমস্যায় পড়তে হবে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান গতকাল বৃহস্পতিবার বলেন, ‘গণতান্ত্রিকভাবে অর্থবহ নির্বাচন যখনই হয়েছে, জামায়াত অংশ নিয়েছে। কিন্তু হঠাৎ তিন সিটির নির্বাচন ঘোষণাকে আমরা সরকারের ধারাবাহিক ষড়যন্ত্রের সর্বশেষ দৃষ্টান্ত মনে করি। ২০-দলীয় জোট বিগত উপজেলা নির্বাচনের মতো ঐক্যবদ্ধভাবে সিটি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সেই ষড়যন্ত্র মোকাবিলার চিন্তা করছে।’
দলীয় সূত্র জানায়, ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে ২০ থেকে ২৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। সে লক্ষ্যে প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে সম্ভাব্য কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থীকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য দলের মহানগর কমিটির পক্ষ থেকে নির্দেশনাও দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কাউন্সিলর পদে জামায়াত তাদের পছন্দের কিছু ওয়ার্ডে একক প্রার্থী দেওয়ার প্রস্তাব করবে বিএনপির কাছে। এ লক্ষ্যে একটি তালিকা করা হয়েছে। এ প্রস্তাবে বিএনপি রাজি না হলে জামায়াত নিজেদের মতো করে কাউন্সিলর পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে।
২০১২ সালে বিভক্ত ঢাকা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করলে জামায়াত ৪০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। ওই সময় ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির হামিদুর রহমান আযাদকে প্রধান করে সাত সদস্যের ডিসিসি নির্বাচন পরিচালনা কমিটি করেছিল দলটি। এবারও একটি কমিটি করা হয়েছে বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।
নেতারা মনে করছেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে গুম-খুন, সন্ত্রাস, নির্যাতন-নিপীড়নে সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রতিনিয়ত বাড়ছে। এ অবস্থায় নির্বাচনে নেমে শক্ত অবস্থান নিতে পারলে ২০ দল-সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের বেশির ভাগই জয়ী হওয়ার সম্ভাবনা আছে। আর সরকার নির্বাচনে কারচুপি করলে নতুন করে আন্দোলন জমিয়ে তোলারও মওকা পাওয়া যাবে।
জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করি, আন্দোলন ও নির্বাচন দুটোই একসঙ্গে চলবে।’