জামায়াতকর্মীদের সঙ্গে সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত
লক্ষ্মীপুর শহরে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়েছে। এতে একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ মিছিল থেকে জামায়াত-শিবিরের পাঁচজন কর্মীকে আটক করেছে।সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল দুপুরে জামায়াতে ইসলামী শহরে মিছিল বের করে। লক্ষ্মীপুর কলেজ রোড থেকে তাঁরা মিছিল নিয়ে শহরের দিকে আসতে থাকেন। পুলিশ মিছিলে বাধা দিলে তাঁদের সঙ্গে জামায়াতের কর্মীদের সংঘর্ষ বাধে। কর্মীদের হামলায় সদর থানার উপপরিদর্শক (এসআই) তারেক আহত হন। পরে পুলিশ লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে এবং পাঁচজন শিবিরকর্মীকে আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন: আবু জাফর, আনোয়ার হোসেন, দিদারুল হোসেন, রফিক ও মো. শরীফ। আটক হওয়ার পরে তাঁরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে এবং বিনা উসকানিতে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেছেন, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।