জামায়াতকে খুশি করতেই খালেদা জিয়ার এ সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, জামায়াতকে খুশি করতেই ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক বাতিল করেছেন খালেদা জিয়া। এর মাধ্যমে তিনি রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত, কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে জামায়াত খুশি হলেও বাংলাদেশের মানুষ খুশি হতে পারেনি।গতকাল সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এসব কথা বলেন।বৈঠকে গত কয়েক দিনে সারা দেশে জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে ১৪ দল। এই কর্মসূচির মধ্যে রয়েছে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার ঢাকাসহ সারা দেশের প্রতিটি জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এ ছাড়া পূর্বঘোষণা অনুযায়ী ৯ মার্চ ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ১৪ দলের নেতা-কর্মীদের এই কর্মসূচিতে অংশ নিয়ে পাড়ামহল্লায় সতর্ক অবস্থা সৃষ্টি করে জামায়াত-শিবিরের তাণ্ডব প্রতিরোধের আহ্বান জানান নাসিম।বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, গত কয়েক দিনে চট্টগ্রাম, বগুড়া, গাইবান্ধা, সাতক্ষীরা ও নোয়াখালীর যেসব স্থানে তাণ্ডব হয়েছে, ১৪ দলের প্রতিনিধিরা ঢাকা থেকে সেসব স্থানে যাবেন। সেখানে ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণের পাশে দাঁড়াবেন তাঁরা। এ ছাড়া আজ থেকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সাংবাদিক, শিক্ষক ও আইনজীবীসহ সব শ্রেণী-পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় শুরু করবে ১৪ দল।সারা দেশে গত কয়েক দিনে যে তাণ্ডব চলেছে, এ জন্য বিএনপি ও খালেদা জিয়াকে দায়ী করে নাসিম বলেন, খালেদা জিয়া তাঁর বক্তব্যের মাধ্যমে তাদের মাঠে নামার ডাক দিয়ে উসকানি দিয়েছেন। খালেদা জিয়ার ওই ডাক আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে।এ ব্যাপারে খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘এ ব্যাপারে সরকার এবং প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি।’ তিনি আরও বলেন, গত কয়েক দিনে সারা দেশে যে ঘটনা ঘটেছে, তাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সঠিক ছিল। আত্মরক্ষার্থে ও জনগণের জানমালের নিরাপত্তায় তারা প্রয়োজনে আরও কঠোর হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরেকটু কৌশলী হওয়ার আহ্বান জানান তিনি।এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।