জামায়াতকে ছাড় দিলেও সুবিধা পেল না বিএনপি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ ও ধর্মগড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের জন্য কোনো প্রার্থী দেয়নি বিএনপি। এ উপজেলায় ছাড় পেলেও হরিপুর উপজেলায় বিএনপিকে কোনো ছাড় দেয়নি জামায়াত।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সীমানা জটিলতার কারণে তিনটি ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত আছে। বাকি পাঁচটির মধ্যে নেকমরদ ও ধর্মগড় ইউনিয়নে প্রার্থী না দিয়ে ২০ দলের শরিক জামায়াতকে ছাড় দেয় বিএনপি। নেকমরদে চেয়ারম্যান পদে কাজী মুহ. মাকসুদুর রহমান ও ধর্মগড়ে মো. লোকমান আলী জামায়াতের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। জামায়াতের দুই স্বতন্ত্র প্রার্থীই ঘোড়া মার্কা নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে হরিপুর উপজেলায় বিএনপিকে কোনো ছাড় দেয়নি জামায়াত। উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে তিনটিতে—গেদুড়ায় মো. মোশাররফ হোসেন, ডাঙ্গীপাড়ায় খায়রুল ইসলাম ও ভাতুরিয়ায় মো. রফিজুল ইসলাম জামায়াতের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। জামায়াতের সঙ্গে কয়েক দফা আলোচনা করেও এখানে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি বিএনপি।
গেদুড়া ইউনিয়নের বিএনপির কর্মী আরশাদ আলী বলেন, ‘আমরা জামায়াতকে রানীশংকৈলে ছাড় দিয়েছি। তাদের উচিত ছিল হরিপুরে কোনো প্রার্থী না দেওয়া। কিন্তু জামায়াত এখানে প্রার্থী দিয়ে আমাদের অসম্মান করেছে।’
নাম প্রকাশ না করার শর্তে নেকমরদ ইউনিয়নের বিএনপির এক কর্মী বলেন, ‘হরিপুরে জামায়াতের উচিত ছিল বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে কাজ করা। জামায়াতের এ সিদ্ধান্ত রানীশংকৈলের নেকমরদ ও ধর্মগড় ইউনিয়নের ভোটে প্রভাব পড়তে পারে।’
ধর্মগড় ইউনিয়নে জামায়াতের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান আলী বলেন, ‘আমরা জোটের সব দল এক হয়ে কাজ করছি। আমরা অবশ্যই জয়ী হব।’
রানীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান বলেন, ‘বিএনপি রানীশংকৈলের দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী দিতে পারেনি বিষয়টি এমন নয়, এখানে জামায়াতকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু হরিপুরে বিএনপি কেন জামায়াতের ছাড় পেল না জানি না।’
এ বিষয়ে জামায়াতের হরিপুর উপজেলার আমির মো. বরকত উল্লাহ বলেন, ‘জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে (হরিপুর ও বালিয়াডাঙ্গী) বরাবর জামায়াতের প্রার্থী অংশ নেন। এ কারণে হরিপুরে জামায়াতের অবস্থান বেশ সুদৃঢ়। এ কারণে দুই-তিনটি ইউনিয়নে আমাদের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু বিএনপি ছাড় না দেওয়ার কারণে আর সেটা সম্ভব হয়নি। তবে হরিপুরে জামায়াতের প্রার্থী বিএনপির বিরুদ্ধে ভোট করলেও রানীশংকৈলে তার প্রভাব পড়বে না।’
হরিপুর উপজেলা বিএনপির সভাপতি মো. করিমুল হক গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘গত কয়েকটি জাতীয় নির্বাচনে জামায়াত এ আসন থেকে ২০-দলীয় জোটের প্রার্থী হিসেবে অংশ নিয়ে আসছে। এ কারণে আমরা চেয়েছিলাম এখানে জাতীয় নির্বাচনে জামায়াত ও স্থানীয় নির্বাচনে বিএনপি প্রার্থী দেবে। কিন্তু পরে জামায়াত এটা মেনে নেয়নি। ছয়টি ইউনিয়নের মধ্যে একটিতে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে। অন্য দুটি ইউনিয়নে ভোটের দিন যাতে জামায়াতের সমর্থকেরা ধানের শীষে ভোট দেন, সে ব্যাপারে এখানো দেনদরবার চলছে।’