জামায়াতকে ত্যাগ করাই হবে বিএনপির সততা: সিপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুজাহিদুল ইসলাম সেলিম
মুজাহিদুল ইসলাম সেলিম

জঙ্গিবাদের বিরুদ্ধে সবার সঙ্গে মিলে ঐক্য গড়তে হলে বিএনপির আগামী ২৪ ঘণ্টার মধ্যে জামায়াতকে ত্যাগ করা উচিত বলে মনে করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বলেন, এই পরিস্থিতিতে বিএনপিকে জাতীয় ঐক্যে আসা প্রয়োজন। তবে বিএনপিকে জাতীয় ঐক্যে আসতে হলে মৌলবাদী জামায়াত শক্তিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ত্যাগ করতে হবে। এটাই বিএনপির সততা প্রমাণের জন্য যথেষ্ট।
আজ বুধবার রাজধানীর মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে জামায়াত ও মৌলবাদী দলগুলো ছাড়া সবাই মিলে জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান দেশ ও জনগণের স্বার্থে দল দুটির পক্ষে এই আহ্বান জানিয়েছেন।
সিপিবির সভাপতি বলেন, জঙ্গি হামলার মোকাবিলায় পরস্পর দোষারোপের রাজনীতি চলছে। এই দোষারোপের রাজনীতি পরিহার করে দলীয় সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে সরকার, বিরোধী দল, বাম-গণতান্ত্রিক-প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক শক্তি একযোগে কাজ করে ১৬ কোটি মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জঙ্গি দমনে আওয়ামী লীগের সারা দেশের জেলা পর্যায়ে কমিটির গঠনের উদ্যোগের সমালোচনা করে সেলিম বলেন, আওয়ামী লীগের মধ্যে জামায়াত ঢুকে গেছে। তাই আওয়ামী লীগের জেলা ও ওয়ার্ড কমিটি দিয়ে জঙ্গি নির্মূল করা সম্ভব হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার ছাত্ররাজনীতি চর্চার কারণে জঙ্গিরা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হতে পারেনি উল্লেখ করে খালেকুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও সুস্থ ধারার ছাত্ররাজনীতির চর্চা করতে হবে। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে ডাকসুর নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ১৫ জুলাই থেকে আগামী ১৮ আগস্ট প্রতিরোধ মাস পালনের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, গোটা মাস ধরে সিপিবি-বাসদের কর্মীরা ঘরে ঘরে প্রতিরোধের দুর্গ গড়ে তোলার আহ্বান ছড়িয়ে দেবেন। এই মাসে গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে, পাড়া-মহল্লায়—দেশের সর্বত্র প্রতিরোধ-সমাবেশ ও প্রতিরোধ ব্রিগেড গঠন করার কাজ পরিচালনা করা হবে।
সংবাদ সম্মেলনে বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।