২০০৮ সালে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেওয়া ছিল একটি ভুল। দলটির নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানিতে এ দাবি করেন আবেদনকারীর পক্ষের আইনজীবী তানিয়া আমীর। গতকাল বৃহস্পতিবার ওই রিট আবেদনের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি গ্রহণ করেন। পরে আদালত ১৬ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেন।শুনানিতে তানিয়া আমীর বলেন, ‘জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও পরিপন্থী। এর পরও ২০০৮ সালে দলটিকে নিবন্ধন দেওয়া ছিল একটি ভুল।’শুনানির শুরুতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান নির্বাচন কমিশনের পক্ষে রুলের জবাব দাখিল করেন। সঙ্গে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম। এরপর জামায়াতের পক্ষে একটি আবেদন দাখিল করেন আইনজীবী আশিকুর রহমান। পরে আইনজীবী তানিয়া আমীর রিট আবেদন থেকে পড়া শুরু করেন। এ সময় তিনি বলেন, ‘চার কারণে জামায়াত নিবন্ধন পেতে পারে না। সংগঠনটি জনগণকে ক্ষমতার উৎস মনে করে না। আইন প্রণয়নে জনপ্রতিনিধিদের নিরঙ্কুশ ক্ষমতাও স্বীকার করে না। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে কোনো সাম্প্রদায়িক দল নিবন্ধন পেতে পারে না। অথচ কাজে, কর্মে ও বিশ্বাসে জামায়াত একটি সাম্প্রদায়িক দল।’ তিনি আরও বলেন, নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল ধর্ম-বর্ণ-লিঙ্গের কোনো বৈষম্য করতে পারবে না, কিন্তু জামায়াতের শীর্ষপদে কোনো নারী বা অমুসলিম যেতে পারবে না। আদালতের প্রশ্নের জবাবে ইসির পক্ষের কৌঁসুলি তৌহিদুল ইসলাম বলেন, ২০০৮ সালে নিবন্ধনের সময় দলটি একটি গঠনতন্ত্র দাখিল করে। সংশোধন করে কোনো গঠনতন্ত্র ইসিকে দেওয়া হলে তা আদালতে উপস্থাপন করা হবে। পরে আইনজীবী তানিয়া আমীর সাংবাদিকদের বলেন, জামায়াতের গঠনতন্ত্র বিশ্বের প্রথম সাংবিধানিক দলিল হিসেবে বিবেচিত মদিনা সনদ, বাংলাদেশের সংবিধান ও জনগণের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। ইসলামি আইন বিশেষজ্ঞদের মতে, মদিনা সনদের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু ইসলামি হতে পারে না।