জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের জন্য জাতীয় ঐকমত্য চেয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। জোটের নেতারা বলেছেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ সময়ের ব্যাপার মাত্র।গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শাহবাগের প্রজন্ম চত্বরের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ দলের উদ্যোগে তিন মিনিট নীরবতা পালন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ১৪ দলের নেতারা।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াতকে নিষিদ্ধের দাবি আজ জাতীয় দাবিতে পরিণত হয়েছে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের জন্য আলোচনা চলছে। জনগণের এই দাবি পূরণে আমরা সবার সহযোগিতা চাই।’ শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘আমরা মনে করি, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার মাত্র।’মাহবুব উল আলম হানিফ বলেন, জামায়াতকে নিষিদ্ধ করতে প্রধান বিরোধী দল বিএনপির সহায়তাও প্রয়োজন।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জামায়াত কোনো ধর্মভিত্তিক দল নয়; মানবতাবিরোধী ও স্বাধীনতাবিরোধী দল। পৃথিবীর কোনো দেশেই এ ধরনের দল রাজনীতি করতে পারে না।শাহবাগের আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে শহীদ মিনারে এসে তিন মিনিট নীরবতা পালন কর্মসূচিতে ১৪ দলের নেতাদের মধ্যে আরও ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, নূহ-উল-আলম লেনিন, আব্দুল মান্নান খান, খালিদ মাহমুদ চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী, ফজলে হোসেন বাদশা, শরীফ নূরুল আম্বিয়া, নুরুর রহমান সেলিম প্রমুখ।১৪ দলের বৈঠক: এর আগে গতকাল সকালে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, নতুন প্রজন্ম শাহবাগে ইতিহাস সৃষ্টি করেছে। তারা জাতিকে কলঙ্কমুক্ত করতে মাঠে নেমেছে।কেন্দ্রীয় ১৪ দলের পূর্বঘোষিত ১৬ ফেব্রুয়ারির গণপদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। ওই দিন রাজধানীর উপকণ্ঠে তিনটি স্থানে গণপদযাত্রা হবে। স্থানগুলো হচ্ছে—হেমায়েতপুর থেকে সাভার, টঙ্গী থেকে আবদুল্লাহপুর, সিদ্ধিরগঞ্জ থেকে কাঁচপুর সেতু পর্যন্ত।জাসদের মহানগর কমিটির সমন্বয়ক মীর হোসেন আখতারের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন রাশেদ খান মেনন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মাহবুব উল আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।