জামায়াতকে নিষিদ্ধ করা সময়ের ব্যাপার: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জামায়াতে ইসলামী নিষিদ্ধ করা সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, ‘জামায়াত-শিবির আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এই দল সন্ত্রাসী দল। তারা জঙ্গিবাদ করছে। সংবিধান অনুযায়ী তাদের নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সরকার এ লক্ষ্যে কাজ করছে।’গতকাল রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠককালে শফিক আহমেদ এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, জামায়াতকে নিষিদ্ধ করতে মাওলানা রেজাউল করিম চাঁদপুরী ২০০৯ সালে আদালতে একটি রিট আবেদন করেছিলেন।সেই রিট আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোকেও বিচারের আওতায় আনতে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে সংশোধনী আনা হচ্ছে।বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি মেজবাহ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।