জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জাসদের
শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, জামায়াত দলগতভাবে মানবতাবিরোধী অপরাধে জড়িত। দলটি নির্বাচন কমিশনের নিবন্ধনের সব শর্তও মানে না। সম্প্রতি জামায়াত রাষ্ট্রশক্তির ওপর আঘাত করেছে। এ জন্য জামায়াত নিষিদ্ধ করার জন্য নির্বাচন কমিশন ও সরকারকে ব্যবস্থা নিতে হবে।এক প্রশ্নের জবাবে জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের রাজনীতি এখন একটি গুরুত্বপূর্ণ বাঁকে দাঁড়িয়ে আছে। এই রাজনীতিকে বিপদমুক্ত করতে হলে জামায়াতকে নিষিদ্ধ, বর্জন ও প্রতিহত করতে হবে। জামায়াতকে জঙ্গিবাদী সংগঠন বলে দাবি করে এর সঙ্গ ত্যাগ করার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান ইনু।