জামায়াতকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই: আশরাফ
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, নিবন্ধনের শর্ত পূরণ না করায় হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন। আদালত নিজস্ব পর্যবেক্ষণের মাধ্যমে এ রায় দিয়েছেন। নিবন্ধনের সেই শর্তগুলো পূরণ করে জামায়াত যদি আদালত ও নির্বাচন কমিশনকে বোঝাতে সক্ষম হয়, তাহলে তারা আবার নিবন্ধন ফেরতও পেতে পারে।গতকাল শনিবার রাজধানীর মিরপুর ১০ নম্বরে ওয়াসার বোতলজাত পানি ‘শান্তি’র বিক্রয়কেন্দ্র উদ্বোধন ও শোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। এ সময় সাংসদ সানজিদা খানম ও ওয়াসার চেয়ারম্যান রহমতউল্লাহ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে আসা প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, ‘রাজনীতিতে নতুন রক্তপ্রবাহ দরকার, সেটা দেশ থেকে আসুক বা বিদেশ থেকে আসুক’।