লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা নির্বাচনে জামায়াতকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে আওয়ামী লীগ ও বিএনপি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, দুশ্চিন্তার পরিমাণ বাড়ছে। এ উপজেলার বিভিন্ন এলাকায় জামায়াত-শিবির ক্যাডারদের জড়ো হওয়ার খবরে আতঙ্ক বাড়ছে প্রধান দুই দলের সমর্থকদের মধ্যে। কেউ কেউ অভিযোগ করছেন, প্রশাসনের সহায়তা পাচ্ছেন জামায়াতের সমর্থক নেতা-কর্মীরা।
আজ শনিবার রায়পুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বেশ উত্সবমুখর পরিবেশ দেখা গেছে। ভোটের আমেজ ছিল সবার মধ্যে। নির্বাচনী প্রচারের শেষ দিনে বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন প্রার্থীরা।
এলাকার বিভিন্ন স্তরের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটের মাঠে প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন। তাঁর হয়ে নির্বাচনী কাজ করতে রামগঞ্জ, কমলনগর, হাইমচর, ফরিদগঞ্জ, চাঁদপুরসহ বিভিন্ন এলাকার জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা রায়পুরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন। জামায়াত পরিচালিত বিভিন্ন স্কুল, কলেজ, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ে তাঁরা উঠেছেন।
বিএনপি-আওয়ামী লীগসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আশঙ্কা করছেন, কয়েকটি ইউনিয়নে জামায়াত-শিবিরের পক্ষে কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে চর আবাবিল উত্তর ও দক্ষিণ, কেরোয়া ইউনিয়নে জামায়াতের বহিরাগতরা অবস্থান নিয়েছেন।
এলাকার সাবেক সাংসদ, বিএনপির জেলা কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া জামায়াতের তত্পরতায় উদ্বেগ প্রকাশ করে বলেন, জামায়াত পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে তারা তাদের তত্পরতার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করছে। তিনি আরও বলেন, কেন্দ্রীয়ভাবে ১৯-দলীয় জোটের শরিক হলেও রায়পুরে জামায়াতের সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। এ এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বিভিন্ন মামলায় পুলিশ হয়রানি করলেও জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে থাকা বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদারও একই কথা বলেন।
যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন স্থানীয় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আলতাফ হোসেন মাস্টারের পক্ষে নির্বাচন করতে এলাকায় রয়েছেন। নির্বাচনী গণসংযোগের সময় তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের অলক্ষ্যেই এ এলাকায় জামায়াত নিজেদের কর্মকাণ্ড জোরদার করেছে। রায়পুরকে জঙ্গিবাদী এলাকা হিসেবে পরিচিতি দেওয়ার লক্ষ্যে জামায়াতের কর্মকাণ্ড সফল হতে দেবে না তাদের দল। প্রশাসনও জামায়াতের প্রতি নমনীয় বলে অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগ নাকচ করে দেন জামায়াতের প্রার্থী ও দলটির উপজেলা আমির হাবিবুর রহমান। তিনি দাবি করেন, তাঁর স্বচ্ছ ইমেজ ও শিক্ষা বিস্তারে অবদানের জন্য তাঁর পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। ধর্মবর্ণ-নির্বিশেষে সবাই তাঁর পক্ষে কাজ করছেন বলে তিনি দাবি করেন।
তবে রিটার্নিং কর্মকর্তা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমীন আলমের কাছে প্রশাসনের নমনীয়তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমি পাইনি। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।’
এদিকে রায়পুরের বিভিন্ন এলাকায় ঘুরে ও মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এ এলাকায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। শুরুতে জামায়াতের সমর্থনের পরিমাণ তেমন চোখে না পড়লেও কৌশলী তত্পরতার মাধ্যমে অনেক কিছুই নিয়ন্ত্রণে নিয়ে নিয়ে এসেছে জামায়াত। ‘ভোট দিলে বেহেস্তের টিকিট’ পাওয়া যাবে—এ ধরনের প্রচারণাও রয়েছে জামায়াতের প্রার্থীর পক্ষে। স্থানীয় ইসলামী ব্যাংকের প্রায় ত্রিশ হাজার গ্রাহককে ব্যাংকের পক্ষ থেকে জামায়াতের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ইসলামী ব্যাংকের ডাটাবেজ থেকে গ্রাহকদের ব্যক্তিগত ফোন নম্বর জামায়াতের কাছে সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে। এসব নম্বরে এসএমএস পাঠানো হচ্ছে। মুঠোফোনে কল দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তবে ইসলামী ব্যাংক রায়পুর শাখার ব্যবস্থাপক মো. জসীম উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেন।
স্থানীয় জামায়াতের কর্মীরা মনে করেন, লক্ষ্মীপুর জেলায় জামায়াতের মূল ঘাঁটি হবে রায়পুরে। তাই এখানকার চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ শক্তি কাজে লাগাচ্ছেন তাঁরা। লক্ষ্য, যেকোনো ভাবেই বিজয়ী হওয়া।