জামায়াতকে নিয়ে দুশ্চিন্তায় বিএনপি ও আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাচনে জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুশ্চিন্তা বাড়ছে। উপজেলার বিভিন্ন এলাকায় জামায়াত-শিবির ক্যাডারদের জড়ো হওয়ার খবরে আতঙ্কিত প্রধান দুই দলের সমর্থকেরা। কেউ কেউ অভিযোগ করছেন, প্রশাসনের সহায়তা পাচ্ছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
গতকাল শনিবার রায়পুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। নির্বাচনী প্রচারের শেষ দিনে বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন প্রার্থীরা। এলাকার বিভিন্ন স্তরের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটের মাঠে প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর পাশাপাশি জামায়াত-সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন। তাঁর হয়ে নির্বাচনী কাজ করতে রামগঞ্জ, কমলনগর, হাইমচর, ফরিদগঞ্জ, চাঁদপুরসহ বিভিন্ন এলাকার জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রায়পুরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন। তাঁরা উঠেছেন জামায়াত পরিচালিত বিভিন্ন স্কুল, কলেজ, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ে।
বিএনপি-আওয়ামী লীগসহ কয়েকটি রাজনৈতিক দলের কর্মীরা আশঙ্কা করছেন, কয়েকটি ইউনিয়নে জামায়াত-শিবিরের পক্ষে কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে চর আবাবিল উত্তর ও দক্ষিণ, কেরোয়া ইউনিয়নে জামায়াতের বহিরাগতরা অবস্থান নিয়েছে। এলাকার সাবেক সাংসদ, বিএনপির জেলা কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া জামায়াতের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে বলেন, জামায়াত পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে তাঁরা তাঁদের তৎপরতার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করছেন। তিনি আরও বলেন, ১৯-দলীয় জোটভুক্ত হলেও রায়পুরে জামায়াতের সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। এ এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বিভিন্ন মামলায় পুলিশ হয়রানি করলেও জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তাঁর সঙ্গে থাকা বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম হাওলাদারও একই কথা বলেন।
বাংলাদেশ যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ আলী খোকন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আলতাফ হোসেন মাস্টারের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। গণসংযোগের সময় তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের অলক্ষেই এ এলাকায় জামায়াত নিজেদের কর্মকাণ্ড জোরদার করেছে। রায়পুরকে জঙ্গিবাদী এলাকা হিসেবে পরিচিতি করতে চায় জামায়াত। এ দলটির কর্মকাণ্ড সফল হতে দেবে না আওয়ামী লীগ। প্রশাসনও জামায়াতের প্রতি নমনীয় বলে অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগ নাকচ করেন জামায়াত-সমর্থিত প্রার্থী ও দলটির উপজেলার আমির হাবিবুর রহমান। তিনি দাবি করেন, স্বচ্ছ ভাবমূর্তি ও শিক্ষা বিস্তারে অবদানের জন্য তাঁর পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। ধর্মবর্ণ-নির্বিশেষে সবাই তাঁর পক্ষে কাজ করছে বলেও তিনি দাবি করেন।
প্রশাসনের নমনীয়তার বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমীন আলম বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমি পাইনি। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।’
কৌশলী তৎপরতা?: ‘ভোট দিলে বেহেস্তের টিকিট’ পাওয়া যাবে—এ ধরনের প্রচারণাও রয়েছে জামায়াত প্রার্থীর পক্ষে। ইসলামী ব্যাংকের ড্যাটাবেইজ থেকে স্থানীয় গ্রাহকদের ব্যক্তিগত মুঠোফোন নম্বর জামায়াতের কাছে সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে। মুঠোফোনে ফোন দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তবে ইসলামী ব্যাংক রায়পুর শাখার ব্যবস্থাপক মো. জসীম উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেন।