জামায়াতকে নেতৃত্বশূন্য করতে সরকার মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। তবে তাঁরা বলেছেন, মিথ্যা মামলা দিয়ে আর রিমান্ডের ভয় দেখিয়ে লাভ হবে না। গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে পবিত্র শবে মিরাজ উপলক্ষে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির এ কে এম নাজির আহমদ বলেন, যত বাধাই আসুক না কেন, ইসলামি আন্দোলন চালিয়ে যেতে আমরা মাথা নিচু করব না। আন্দোলন এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাসনিম আলম বলেন, যত অত্যাচারই আসুক না কেন, আল্লাহর দ্বীন কায়েমে পিছপা হব না। সরকার জনগণের ভাষা বুঝতে পারছে না মন্তব্য করে সভার সভাপতি ও সাংসদ হামিদুর রহমান আজাদ বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জনগণের দাবি হওয়া সত্ত্বেও সরকার তা মেনে নিচ্ছে না। সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী সদস্য এ টি এম মাসুম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম প্রমুখ।