জামায়াতকে বিএনপির ছাড় আ.লীগে একাধিক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোট সমঝোতার মাধ্যমে একক প্রার্থীকে সমর্থন দিয়েছে। সমঝোতার ক্ষেত্রে ভাইস চেয়ারম্যান পদে জামায়াতকে ছাড় দিয়েছে বিএনপি।
এদিকে ওই তিনটি পদেই আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ১৫ মার্চ এই উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ১৯-দলীয় জোট থেকে উপজেলা বিএনপির সভাপতি জি এম নজরুল ইসলাম চেয়ারম্যান, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. আলমগীর হোসাইন ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক সালেহা বেগম নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
বিএনপির সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সদস্য আবু হায়াত বিএনপির তৃণমূল নেতাদের সমর্থন নিয়ে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। পরে দল থেকে ওই পদে জামায়াতকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আবু হায়াত বলেন, ‘বিএনপির তৃণমূল কাউন্সিলরদের সিদ্ধান্তে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। জেলার নেতাদের হঠকারী সিদ্ধান্তের কারণে তা প্রত্যাহার করেছি।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের শিকদার বলেন, ১৯ দলের জোটকে শক্তিশালী করতে আবু হায়াতকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলা হয়েছে। তিনি দলীয় স্বার্থে তা প্রত্যাহার করেছেন।
জামায়াতের নেতা মো. আলমগীর হোসাইন বলেন, চেয়ারম্যান পদে প্রার্থী হতে চেয়েছেন, কিন্তু ১৯ দলের সমন্বিত সিদ্ধান্তের কারণে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, দলটির তৃণমূল নেতাদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়জুল আমির চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল ইসলাম ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক শাহানারা শামীম নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। কিন্তু ওই তিনটি পদেই দলটি থেকে একজন করে ‘বিদ্রোহী’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সহসভাপতি শেখ মো. মাছুদুজ্জামান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা বেগম বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
মাছুদুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের তৃণমূল নেতাদের ভোট হয়েছে। সেখানে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় না করায় প্রার্থী হয়েছি।’ মইনুল ইসলাম বলেন, ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ থেকে প্রার্থী দেওয়ার দাবি জানানো হয়েছিল। তা না দেওয়ায় তিনি প্রার্থী হয়েছেন। জাহানারা বেগম বলেন, তৃণমূলের কাউন্সিল ভোট সুষ্ঠু না হওয়ায় তা প্রত্যাখ্যান করে প্রার্থী হয়েছেন তিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দৌলত আহমেদ খান বলেন, আওয়ামী লীগের উপজেলা নির্বাচনবিষয়ক বিভাগীয় সেলে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে জানানো হয়েছে। তারাই পরবর্তী করণীয় ঠিক করবে।